বার্তা সংস্থা আবনা : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিভিন্ন দেশে হামলার কাজে ড্রোন ব্যবহারের পক্ষে কথা বলেছেন। তিনি এ ধরনের ড্রোন হামলাকে বৈধ, কার্যকর এবং ন্যায়সঙ্গত বলে দাবি করেছেন। ওয়াশিংটনের প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ে দেয়া এক গুরুত্বপূর্ণ ভাষণে এ সব কথা বলেছেন ওবামা।
তিনি বলেন, আমেরিকা একটি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত রয়েছে এবং তাদেরকে প্রতিহত করা না হলে নির্বিচারে মার্কিন নাগরিকদের হত্যা করবে তারা; কাজেই এটা একটা যুদ্ধ।
তিনি আরো বলেন, সন্ত্রাসীরা এখনো আমেরিকার জন্য হুমকি হয়ে রয়েছে। ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে আমেরিকা এ হুমকির মুখে পড়েছে বলে দাবি করেন তিনি। সন্ত্রাসীদের বিরুদ্ধে ড্রোন হামলা কার্যকর হয়েছে এবং এর ফলে আমেরিকা নিরাপদ দেশে পরিণত হয়েছে বলেও দাবি করেন ওবামা।
২০১১ সালে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালিত ঘাতক ড্রোনের হামলায় পাকিস্তান ও ইয়েমেনে চার মার্কিন নাগরিক নিহত হয়েছে বলে ওয়াশিংটন প্রথমবারের মতো স্বীকার করার একদিন পরই এ ভাষণ দিলেন ওবামা।
মার্কিন কংগ্রেস নেতাদের কাছে লেখা এক চিঠিতে দেশটির এটর্নি জেনারেল এরিখ এইচ হোল্ডার জুনিয়র ড্রোন হামলায় মার্কিন নাগরিকদের নিহত হওয়ার কথা স্বীকার করেছেন বলে এর আগে জানিয়েছে দৈনিক নিউ ইয়র্ক টাইমস।